ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নেতানিয়াহু একটি জাতিকে ধ্বংস করছে, ভারত তাকে সমর্থন ও উৎসাহও দিচ্ছে: প্রিয়াঙ্কা

জাতিসংঘ সাধারণ পরিষদে গাজ্জায় যুদ্ধবিরতি ও মানবাধিকার রক্ষার প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকায় বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি এই সিদ্ধান্তকে ‘লজ্জাজনক ও হতাশাজনক’ বলে আখ্যা দিয়েছেন। শনিবার (১৪ জুন) এক্স-এ দেওয়া পোস্টে প্রিয়াঙ্কা বলেন, এই সিদ্ধান্তের কোনও নৈতিক বা কূটনৈতিক ভিত্তি নেই। প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস দরকার।


তিনি বলেন, যখন বেনিয়ামিন নেতানিয়াহু পুরো একটি জাতিকে ধ্বংস করছেন, তখন ভারত শুধু নীরব সমর্থক নয়, বরং ইসরাইলের ইরানে হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনায় ইসরাইলকে উৎসাহিত করছে।


এটি একটি দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালার সম্পূর্ণ বিরোধী বলেও মন্তব্য করেন তিনি। প্রিয়াঙ্কা আরও উল্লেখ করেন, গাজ্জায় এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ নিহত, যাদের বেশিরভাগই নারী ও শিশু। একটি গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে অনাহারে মারা হচ্ছে, অথচ আমরা কোনও অবস্থান নিচ্ছি না এটা অত্যন্ত দুঃখজনক।


উল্লেখ্য, গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে গাজ্জায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪৯টি দেশ, বিপক্ষে ১২টি দেশ এবং ভোটদানে বিরত থাকে ১৯টি দেশ, বিরতদের মধ্যে ছিল ভারত। আর বিপক্ষে ভোট দেওয়াদের মধ্যে রয়েছে আমেরিকা, আর্জেন্টিনাসহ ১২টি দেশ।

ads
ads
ads

Our Facebook Page

↑